প্রতিষ্ঠা ২ মে ১৯৫২
আমাদের সম্পর্কে
বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক ও মানবিকবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই খেলাঘরের কাজ।
খেলাঘর কী
খেলাঘর বাংলাদেশের অন্যতম প্রাচীন জাতীয় শিশু-কিশোর সংগঠন। ১৯৫২ সালের ২ মে ঢাকায় দৈনিক সংবাদ পত্রিকার শিশু-সাহিত্য পাতা হিসেবে এর যাত্রা শুরু। কবি ও সাংবাদিক হাবীবুর রহমান — যিনি শিশুদের কাছে “ভাইয়া” নামে পরিচিত ছিলেন — এই সংগঠনের প্রতিষ্ঠাতা।
পত্রিকার একটি পাতা থেকে শুরু হয়ে খেলাঘর ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে পড়ে। আজ দেশজুড়ে ছয়শোরও বেশি শাখা আসরে শিশু-কিশোররা নিয়মিত সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানচর্চায় যুক্ত থাকে।
আমাদের লক্ষ্য
- শিশু-কিশোরদের সুস্থ শরীর ও সবল মন গড়ে তোলা
- সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানচর্চার মধ্য দিয়ে সৃজনশীলতার বিকাশ
- অসাম্প্রদায়িক ও মানবিকবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলা
- মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা জাগানো
- শিশু অধিকার প্রতিষ্ঠা ও লিঙ্গবৈষম্য দূরীকরণ
- শিশুদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বোধ গড়ে তোলা
আমাদের কার্যক্রম
শাখা আসরগুলোতে নিয়মিত সাহিত্য বাসর বসে, যেখানে শিশু-কিশোররা নিজেদের লেখা ছড়া ও গল্প পড়ে শোনায়। এর পাশাপাশি চলে সংগীত, নাটক, নৃত্য ও চিত্রাঙ্কনের প্রশিক্ষণ। শিশু পার্লামেন্ট আয়োজনের মধ্য দিয়ে শিশুরা নিজেদের কথা বলার সুযোগ পায়, আর পাঠাগার আন্দোলনের মাধ্যমে বইয়ের সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্ব।